বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডাকাতির শিকার হওয়া একটি ট্রাক ও সাড়ে ১৩ লাখ টাকার অ্যালুমিনিয়াম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) ভোররাতে উপজেলার মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাকসহ মালামাল উদ্ধার করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।
পুলিশ ও মামলার বাদীপক্ষ সূত্রে জানা যায়, রামপাল এলাকার মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান যৌথভাবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম কিনেছিলেন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সেগুলো বিআরটিসির ভাড়াচালিত একটি ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়।
পথে রামপাল জিরো পয়েন্ট ও সোনাতোনিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন ট্রাকটির গতি রোধ করে মালামাল তল্লাশি করেন। সেখানে তামা বা অন্য কোনো অবৈধ মালামাল রয়েছে কি না, তা যাচাই শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
পরে রাত ১টার দিকে ট্রাকটি আবার যাত্রা শুরু করলে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ দল ট্রাকটির গতিরোধ করে। এ সময় চালক ও ট্রাকে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে ট্রাকসহ মালামাল নিয়ে যায় তারা।
খবর পেয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৪টার দিকে মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রামপালের গৌরম্ভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৬ জনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামিদের বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’