Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মে ২০২৬ ১৫:৪০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নওগাঁ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে থাকে। তারা আবার এই সমাজকে অস্থির করতে চায়।

শুক্রবার (৮ মে) বেলা ১১টায় নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের রাজনীতি পরিস্কার নয়। দেশের মানুষ বার বার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। ১৯৭১ সালের যুদ্ধে আমাদের যে লড়াই এবং আমাদের যে বাংলাদেশি পরিচয়, তা সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি-এমনি স্বাধীনতা পাইনি। নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা নিয়ে আসতে হয়েছে। আবার গণতন্ত্রও লড়াই করে ফিরিয়ে আনতে হয়েছে। আমরা হানাদার বাহিনী ও আধিপত্যবাদের বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রবীন্দ্রনাথ এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলন। কৃষকদের দুঃখ-দুর্দশা দেখে কৃষি ব্যাংক করেছিলেন। কৃষিকে আধুনিক করার জন্য করের লাঙ্গল নিয়ে এসে কৃষিকাজ শুরু করেছিলেন।’

রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বমানবতার কবি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তার কবিতা ও সাহিত্য থেকে জীবন গড়ে তোলার শিক্ষা নিতে হবে।’

নাটক ও গানসহ বিভিন্ন ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবাধ বিচরণ ছিল বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য এনামুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ আরও অনেকেই।

অনুষ্ঠান শেষে ঢাকা ও স্থানীয় শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর