হিলি: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৮ মে) সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে জিরো পয়েন্ট ও দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে।
এ ছাড়া, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অবৈধ পথে ভারতীয় গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বিজিবি। চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয়দের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।
সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত বিজিবিকে জানাতে এবং অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হতে বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবি সবসময় তৎপর। বর্তমানে বিশেষ পরিস্থিতিতে আমরা হিলিসহ আমাদের ব্যাটালিয়নের আওতাভুক্ত সকল সীমান্ত এলাকায় টহল জোরদার করেছি। স্থানীয় বাসিন্দাদেরও আমরা সজাগ থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছি।’
বর্তমানে হিলি সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বিজিবির কড়া নজরদারির কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।