কুষ্টিয়া: জেলার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম (৬৫) ওরফে কালান্দার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগরের বিপ্লব (২৬) ও আলিফ ইসলাম (২৩)।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গত ১৩ এপ্রিল নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুহাম্মদ খাজা আহম্মেদসহ ৪জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৮০-২০০ জনকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পীর শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় তার দরবার শরীফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। হামলায় তার ৩ অনুসারী আহত হন।