Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

কুষ্টিয়ায় অপারেশন টেবিলে শিশুর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ০৮:৪০

ছবি: সংগৃহীত।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে তাসনিয়া আফরিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালটিতে ভাঙচুর চালান।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকার একতা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত তাসনিয়া কুমারখালী উপজেলার সানপুকুরিয়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে।

পরিবারের অভিযোগ, ভাঙা হাতের অপারেশনের জন্য বিকেল ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় অপারেশনের সময় চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই তাসনিয়ার স্বজন ও স্থানীয়রা হাসপাতালটি ঘেরাও করে ভাঙচুর চালান এবং দায়ী দুই চিকিৎসককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে তার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত দুই চিকিৎসককে থানায় নেওয়া হয় এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। স্থানীয়দের অভিযোগ, ওই হাসপাতালে আগেও এমন ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর