Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে রোগীর চাপ, শয্যা সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৩:০০ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৩:৩৯

ছবি: সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জে: চাঁপাইনবাবগঞ্জে দিন দিন বাড়ছে হামের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান জানান, জেলায় হামের রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আক্রান্তদের বড় অংশই শিশু। তিনি বলেন, পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।

তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসক ও শয্যার সংকট প্রকট আকার ধারণ করেছে। ২৫০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ রোগী ভর্তি থাকছেন। এতে অনেক রোগীকেই বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে, যা চিকিৎসা সেবায় বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

এদিকে, ঘরে ঘরে হামের উপসর্গ নিয়ে ঘুরছে শিশুরা। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবে সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, হাঁচি-কাশির সময় মুখ ঢেকে রাখা এবং শিশুদের ভিড় এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন মাসে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭৭৪ জন। এ সময় মারা গেছে ৮ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সচেতনতা বৃদ্ধি ও টিকাদান কার্যক্রম জোরদার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর