Saturday 06 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৬ ০৮:৫০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ উত্তরপাড়া গ্রামে বিষধর সাপের কামড়ে মো. নুর-মোহাম্মদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুর-মোহাম্মদ ওই গ্রামের বাসিন্দা মো. শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নুর-মোহাম্মদ পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে সে খামারের গ‌র্তের ভেতরে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে না পারলেও শিশুটির কান্নাকাটি ও শারীরিক অসুস্থতা দেখে পরিবারের সদস্যরা ঘটনাটি টের পান।

বিজ্ঞাপন

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার এপেক্স হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর চাচা আব্দুল মালেক জানান, খামারের মধ্যে হাত দেওয়ার সময় একটি সাপ নুর-মোহাম্মদের ডান হাতের কবজিতে কামড় দেয়। সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এদিকে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর