লালমনিরহাট: কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সাবেক নির্বাহী পরিচালক সাব্বির বিন শামসকে আটক করেছে লালমনিরহাটের পাটগ্রাম থানা পুলিশ। জানা গেছে, তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার প্রভাবশালী কূটনীতিক ও সরকারি কর্মকর্তা ছিলেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তিনি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক মামলা রয়েছে।
জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ভারতে চলে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থানের পর নতুন করে বাংলাদেশে ফেরার চেষ্টা করলে সীমান্ত এলাকায় তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন এবং জানান যে, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।
এ ছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সাব্বির বিন শামস সিআরআই’র নির্বাহী পরিচালক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ হাইকমিশন, লন্ডন-এ মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথে পলিসি রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস বিষয়ে ডক্টরাল গবেষণার সঙ্গেও যুক্ত।