Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ মে ২০২৬ ২৩:০৭

কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা। ছবি: সংগৃহীত

নওগাঁ: জেলার মহাদেবপুরে কৃষকের ধান কেটে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলে যুগ্ম-সম্পাদক ফজলে হুদা বাবুল।

শনিবার (১৬ মে) সকালের দিকে নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার আলম হোসেন দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেন।

কৃষক আলম হোসেন বলেন, ‘গত ৮ থেকে ১০ দিন ধরে শ্রমিক না পেয়ে জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কা নিয়ে বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় শ্রমিকদলের উদ্যোগে ধান কাটা হচ্ছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, যেসব কৃষক শ্রমিক সংকট বা আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, ‘কৃষক যাতে তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে কৃষকরা লাভবান হবে।’

এদিকে জমিতে কাস্তে হাতে সংসদস সদস্য নিজেই ধান কাটতে নামলে সাধারণ মানুষ তা দেখতে ভিড় করেন। এসময় কেউ মোবাইলে ভিডিও করেন, কেউ ছবি তুলেন আবার কেউ বিস্ময়ে চোখে তাকিয়ে দেখেন। সংসদ সদস্যর জমিতে নেমে সরাসরি ধান কাটায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।