Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ০০:২৫

চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চাঁদপুর: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চাঁদপুরে ইপিজেডের দাবি তোলা হয়েছে। সবকিছু বিবেচনা করে এর সম্ভাব্যতা যাচাই করে ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা দ্রুত এটি বাস্তবায়ন করব।’

শনিবার (১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণের ইপিজেড’র দাবির প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘এই এলাকার সন্তানদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা নয়, দেশের অন্যান্য এলাকার যুবকদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের মাধ্যমে চাঁদপুরকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছি।’

বিজ্ঞাপন

এসময় তিনি আরও বলেন, ‘বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, তাহলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। আমরা যদি এই ২০ কোটি মানুষের হাতকে ৪০ কোটি হাতে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর