সাতক্ষীরা: জেলায় ঘেরে বিষ দিয়ে প্রায় ২ লাখ টাকার মাছ নিধন করেছে দুষ্কৃতকারীরা। শুক্রবার (১৫ মে) সদর উপজেলার বকচরা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ঘের ব্যবসায়ী আজিজুল লস্কর ও খায়ের হোসেন বলেন, স্থানীয় সোহরাব হোসেন ও তার দুই ছেলে আলামিন হোসেন ও হামজার সঙ্গে ঘের সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। গতকাল তারা এসে ঘেরের বেড়া ভেঙে দিয়ে যায়। এরপর আজ সকালে তারা দেখেন মাছ মরে ভেসে আছে। ধারণা করা হচ্ছে, সোহরাব ও তার ছেলেরা রাতে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে।
তারা আরও বলেন, অ্যাড. আব্দুস সবুর নামের এক ব্যক্তির কৃষিজমি বেশ কয়েকবছর যাবত ইজারা নিয়ে ঘের ব্যবসা করছিলেন তারা। সেখানে খণ্ড খণ্ড ৩ বিঘা ও ৪ বিঘা ঘের রয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার সাদা মাছ ছিল। এগুলো ২০০ টাকা কেজি বিক্রি হওয়ার কথা থাকলেও তা ৪০ টাকা কেজি দরে লোকসান করে বিক্রি করতে হয়েছে।
বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় অভিযুক্ত সোহরাব ও তার দুই ছেলে হামজা ও আলামিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় ভুক্তভোগী আরিজুল লস্কর ও খায়ের হোসেন সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।