Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুরির অভিযোগে শরীরে গরম পানি ঢেলে যুবককে নির্যাতন, হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ০৯:৪০

নিহত যুবক দুদু।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভ্যান চুরির অভিযোগে দুদু (২২) নামের এক যুবকের শরীরে গরম পানি ঢেলে নির্যাতন করে, হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাউসপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত দুদু আসাননগর গ্রামের মিজানুরের ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তানের বয়স মাত্র ৪ মাস।

স্থানীয় সূত্রে জানা যায়, হাউসপুর গ্রামের হাফিজুরের ছেলে অন্তরের ভ্যান গত শুক্রবার (১৫ মে) রাতে চুরি হয়। এ চুরির ঘটনায় তারা দুদুকে সন্দেহ করে। এরপর রোববার সকালে খবির, সুমন, আশিক, বায়োজিদ, রফিক, শাকিলসহ কয়েকজন দুদুর বাড়িতে তাকে খুঁজতে যায়। তাকে না পেয়ে তারা তার মায়ের কাছে হুমকি দিয়ে বলে আসে, ‘দুদুকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই তাকে হত্যা করা হবে।’

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে সংঘবদ্ধভাবে দুদুকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়। একপর্যায়ে তার নাকে গরম পানি ঢেলে পৈশাচিক নির্যাতন চালানো হয়। পরে তার শরীর স্তব্ধ হয়ে গেলে গুরুতর আহত অবস্থায় তাকে আলমডাঙ্গা হাউসপুর শরিফুলের ক্লিনিকে নিয়ে যায় নির্যাতনকারীরা। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুদুকে মৃত ঘোষণা করে। তারপর তারা ওই ক্লিনিক থেকে মরদেহ দ্রুত কৌশলে নিয়ে এসে হাউসপুর বটতলায় ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডকে স্থানীয় সচেতন মহল ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত বর্বরতা হিসেবে আখ্যায়িত করেছেন।

এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো অপরাধের বিচার আইনের মাধ্যমেই হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।’

তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর