চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। জেলার ৫টি উপজেলায় খামার ও পারিবারিক পর্যায়ে ছোট-বড় মিলিয়ে ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।
জেলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে, ইতোমধ্যে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বাইরের জেলা থেকেও অনেক পাইকার পশু কিনতে আসছেন। একইসঙ্গে খামারি ও পশুপালকরা পশুর পরিচর্যা ও বিক্রির প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জেলা প্রাণিসম্পদ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। ফলে স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত পশুর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৫০টি। এর বিপরীতে জেলায় চাহিদা রয়েছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি পশু। সে হিসাবে উদ্বৃত্ত রয়েছে ৫৮ হাজার ৮৪৮টি পশু।
প্রস্তুত পশুর মধ্যে রয়েছে- ৪৩ হাজার ৮২৪টি ষাঁড়, ৩৬ হাজার ৩৩১টি বলদ, ৩৬ হাজার ৮৫৫টি গাভী, ৫০৬টি মহিষ, ৮৪ হাজার ৮০১টি ছাগল ও ১২ হাজার ৯২২টি ভেড়া। এছাড়া অন্যান্য পাঁচটি পশুও রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার বলেন, ‘এ বছর কোরবানির জন্য জেলায় ২ লাখ ২৬ হাজার ৫০টি পশু প্রস্তুত রয়েছে। আর চাহিদা রয়েছে ১ লাখ ৬৭ হাজার ২০২টি। ফলে জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৮৪৮টি পশু উদ্বৃত্ত রয়েছে।’