নোয়াখালী: জেলার বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় অভিযুক্ত চালক মো. নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (১৮ মে) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কলেজ গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত তন্ময় কুরী চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
র্যাব জানায়, গত ৬ মে দুপুর ১টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তন্ময়ের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।