Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচালককে মারধরের জেরে নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৫:১৭

বাস কাউন্টার।

নওগাঁ: বাসচালকে মারধরের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করেন শ্রমিকেরা। এদিকে কোনো ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহণের একটি বাস রাত দেড়টার দিকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির ড্রাইভার যাত্রী নামিয়ে বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই ড্রাইভারকে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা করে তারা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে ঘোষণাও দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

গাইবান্ধা যাওয়ার জন্য কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা যাত্রী হাবিবুর রহমান বলেন, ‘ঈদের জন্য বাড়ি যাব। একটু আগে আগেই ছুটি নিয়েছি। এসে দেখছি বাস বন্ধ। নওগাঁতে মাঝেমধ্যেই শ্রমিকেরা এমন কর্মসূচি দিয়ে আমাদের ভোগান্তিতে ফেলে।’

মুনিরা আক্তার নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে ঢাকা যাব। কাউন্টারে এসে শুনি বাস চলবে না। সময়মতো পৌঁছানো দরকার ছিল, এখন কীভাবে যাব বুঝতে পারছি না।’

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘একতা বাস কাউন্টারের স্টাফদেরকে কে বা কারা মারধর করেছে, এই ঘটনাকে কেন্দ্র করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ঘটনা তদন্ত করে কী হয়েছে জেনে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বাস চলাচল স্বাভাবিক করতে বৈঠক চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর