পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীর ওপর নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক ও সেতু এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আউয়াল। মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুমকি উপজেলার চর গরবদী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, সরকার আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।
মন্ত্রী বলেন, ‘আমাদের স্থলপথ এবং নৌপথ প্রত্যেকেরই প্রয়োজন। নৌপথ অব্যাহত থাকবে, সেতু দিয়ে আমরা স্থলপথে কানেকশন করব, একটি কমিউনিকেট সিস্টেম প্রতিষ্ঠিত হবে। আর সেই লক্ষ্য নিয়ে নির্বাচিত সরকার কাজ করছে। আমরা আশা করছি, দ্রুত এই সেতু বাস্তবায়ন হবে।’
একই সভায় ক্ষুদে শিক্ষার্থী আবিরার চিঠির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, ‘আবিরার এই ইনোসেন্ট চিঠি, ছোট্ট আবিরা সেতু নিয়ে ভাবছে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে, এসব প্রধানমন্ত্রীকে মুগ্ধ করেছে ‘
এর আগে মন্ত্রী লোহালিয়া নদীর ওপর সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
জনসভায় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।
উল্লেখ্য, চলতি মাসের ৮ মে পটুয়াখালীর বাউফলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা সেতু নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দেয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যান।