রংপুর: জেলার পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামিম (১৩) ও সাদমান (১৪) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং সাদমান সুরুজ মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তামিম ও সাদমান গভীর পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
দীর্ঘ খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামজুড়ে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, ‘দুই ছেলেই খুব শান্ত ও ভদ্র ছিল। হঠাৎ এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।’
আরেক বাসিন্দা রায়হান বলেন, ‘তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত। গোসল করতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, কেউ কল্পনাও করেনি।’
চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুই কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।’