Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে জমে উঠেছে দা-বঁটি-চাকুর বাজার

লোকাল করেসপনডেন্ট
২২ মে ২০২৬ ০০:৫৭ | আপডেট: ২২ মে ২০২৬ ০১:০০

চকচকে দা, বঁটি, ছুরি ও চাপাতির বাহারি সংগ্রহ নিয়ে ব্যস্ত কামাররা। ছবি: সারাবাংলা

হিলি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলা হিলি বাজারে জমতে শুরু করেছে দা-বঁটি-ছুরি ও চাকুর বাজার। কামারপাড়ার কারিগরদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বাংলা হিলি বাজার ঘুরে দেখা যায়, কামারশালাগুলোতে টুংটাং শব্দে চলছে লোহা পেটানোর কাজ। দোকানগুলোতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। চকচকে দা, বঁটি, ছুরি ও চাপাতির বাহারি সংগ্রহ ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে।

ব্যবসায়ীরা জানান, ঈদের আর মাত্র ৬ থেকে ৭ দিন বাকি থাকলেও এখন থেকেই ক্রেতাদের আনাগোনা শুরু হয়েছে। কোরবানির পশু ও অন্যান্য কেনাকাটার পাশাপাশি অনেকে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে বাজারে আসছেন। তবে আগামী দুই-একদিনের মধ্যে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা।

বিজ্ঞাপন

বাংলা হিলি বাজারের কামার ব্যবসায়ী সবুজ বৈরাগী বলেন, ‘ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাঁটি ও মানসম্মত লোহা দিয়ে দা, বঁটি ও চাকু তৈরি করেছি, যাতে এগুলো টেকসই ও ধারালো হয়। আশা করছি এবার ভালো ব্যবসা হবে।’

বিক্রেতারা জানান, আকার ও লোহার মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব সরঞ্জাম। পাশাপাশি পুরোনো দা-বঁটি শাণ দিয়ে ধারালো করার কাজও চলছে পুরোদমে। ঈদ যত ঘনিয়ে আসবে, বাজারে ক্রেতা সমাগম ও বিক্রি তত বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর