Friday 29 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ৪ মাসের শিশুকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৬ ২০:২২

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য।

কুষ্টিয়া: জেলায় সাইফ ওসমান হাদি নামের ৪ মাস বয়সি শিশুসন্তানকে গড়াই নদীতে ছুড়ে ফেলে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন যমুনা খাতুন নামের এক মা। তবে নৌকার মাঝিদের তৎপরতায় ওই নারীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছে শিশুটি।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর নিচে নদীতে থাকা নৌকার মাঝিরা দেখেন, এক নারী একটি শিশুকে নদীতে ফেলে দিয়ে নিজেও নদীতে ঝাঁপ দিচ্ছেন। তারা তখন দ্রুত নৌকা নিয়ে ওই নারীকে উদ্ধার করে তীরে তুললেও শিশুটিকে আর খুঁজে পায়নি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা নদীতে তল্লাশি অভিযান শুরু করেন।

বিজ্ঞাপন

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তার স্ত্রী যমুনা খাতুন সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে তিনি সেখান থেকে এসে হরিপুর সেতুর ওপর দাঁড়িয়ে প্রথমে শিশু হাদিকে নদীতে ছুড়ে ফেলেন, পরে নিজেও নদীতে ঝাঁপ দেন।

তিনি দাবি করেন, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। সম্প্রতি শিশু হাদি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে এনে চিকিৎসা করানোর বিষয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এর পরেই এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা শুরু করেন। শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দিতে রওনা হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘নদী থেকে উদ্ধার হওয়ার পর ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কান্নাকাটি করছেন। এ কারণে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো যাবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর