Tuesday 02 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৬ ১৪:২৭

বেগমগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের জুবায়ের হোসেন রাকিব (২৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মামলার ৩ নম্বর আসামি সাইফুল ইসলামকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এর আগে, গতকাল সোমবার (১ জুন) সকালে নিহতের মা জোবেদা খাতুন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে, শনিবার (৩০ মে) রাতে দুর্বৃত্তরা রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

নিহত রাকিব খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, রাকিবের চাচার বাড়িতে নির্মাণাধীন একটি পাকা ভবনের কাজ চলছিল। এ সময় আসামিরা ওই কাজে চাঁদা দাবি করে। বিষয়টি নিয়ে বিরোধের জেরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে রাকিব ও তার ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা রাকিবকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে এবং তার ছোট ভাইকে আহত করে। ঘটনার পরদিন রোববার সকাল ১১টার দিকে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বসতঘর ও রান্নাঘরসহ আটটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে পুলিশের উপস্থিতিতে রাকিবের মরদেহ দাফন করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুজ্জামান আরও বলেন, ‘মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন আছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর