বাগেরহাট: সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় স্থানীয়দের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এদিন বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ডের দাবি, বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না। এজন্য এ হামলা চালানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, ‘বাগেরহাটের মোংলার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
তিনি দাবি করেন, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে ওই স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।
তবে স্থানীয়রা জানান, মিরাজ শেখ নামের একজন প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির খোঁজে তার মা ও স্ত্রী কোস্ট গার্ডের হারবারিয়া স্টেশনে গেলে কোস্ট গার্ডের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটায়।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’