Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের ৮ দিন পর খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৩:১৫

মরদেহ। প্রতীকী ছবি।

চুয়াডাঙ্গা: সদর উপজেলায় খাল থেকে অপহরণের ৮ দিন পর এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কুতুবপুর গ্রামের অর্জুন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের নাম রাফিন (২২)। তিনি জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেছে।

নিহত রাফিনের দাদি আমেনা খাতুন জানান, গত ৫ জুন শুক্রবার সকালে রাফিন নিজের ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা রাফিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পান। রাত ৮টার দিকে একটি নম্বর থেকে তার কাছে ফোন আসে। কল দাতা দাবি করেন, রাফিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনার পর আলমডাঙ্গা থানায় একটি অভিযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তারা তার সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি। বরং ফোনের অপর প্রান্ত থেকে রাফিনকে মারধরের শব্দ শোনানো হয়।

কুতুবপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই শাহাজুল ইসলাম জানান, শুক্রবার (১২ জুন) দিবাগত গভীর রাতে মরদেহের সন্ধান পাওয়া যায়। তবে রাত গভীর হওয়ায় তখন তা উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার (১৩ জুন) সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন করার পর দুপুরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর