Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পতাকা টাঙাতে গাছে উঠে যুবক অচেতন, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৫:৫১

যুবককে উদ্ধারের পর।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে গাছে উঠে জ্ঞান অচেতন হয়ে পড়েন শামিম (৩০) নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করে।

শামিম পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিণমারী গ্রামের শহিদুলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টাঙানোর জন্য শনিবার (১৩ জুন) সকালে উপজেলার একটি এলাকায় কদম গাছে ওঠেন শামিম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের ওপরেই অচেতন হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অচেতন অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে পতাকা টাঙানোর প্রতিযোগিতা বাড়ছেই। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা টাঙানোর সময় বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে। এরইমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টাঙাতে গিয়ে বেশ কয়েকজন যুবক আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

সচেতন মহল বলছে, পতাকা টাঙানোর ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা, বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছেন তারা।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে পতাকা টাঙানোর আহ্বান জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর