চট্টগ্রাম: জেলার রাউজানে দিনদুপুরে যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পাহাড়তলী বাজার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি রাঙ্গুনিয়া যুবদলের সহ-সভাপতি ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তিনি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে চুয়েট সংলগ্ন পাহাড়তলী বাজার এলাকায় অবস্থান করছিলেন মাসুদ চৌধুরী। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে গুলিবিদ্ধ হয়ে মাসুদ চৌধুরীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হত্যাকাণ্ডের পেছনে পূর্ববিরোধ বা স্থানীয় কোনো দ্বন্দ্ব থাকতে পারে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।