ঢাকা: রাজধানীর মিরপুর থেকে কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’-এর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত শিশির আহম্মেদ ইমনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার (১৭ জুন) দুপুরে র্যাব-৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন ভোরে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—শিশির আহম্মেদ ইমন (২১), আব্দুল্লাহ (২৩) ও আল আমিন (২৫)।
র্যাব জানায়, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে আশিকুর রহমান শান্তের নেতৃত্বাধীন ‘ভইরা দে গ্রুপ’ অন্যতম।
র্যাব আরও জানায়, গত ২৩ মে সন্ধ্যায় ভিকটিম জাহিদ হাসান সুমন ও বিপ্লব এবং তার আপন ভাই হৃদয় গাড়ীযোগে বাসায় ফেরার পথে পল্লবী থানাধীন বাবুর মুদি দোকানের সামনে এসে পৌঁছালে পূর্ব শক্রতার জেরে ‘ভইরা দে গ্রুপ‘-এর অন্যতম সক্রিয় সদস্য ইমনসহ তার সঙ্গে থাকা ৭ থেকে ৮ জন সহযোগী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পথ রোধ করে এলোপাথারিভাবে মারধর করে।
এ ছাড়াও, সম্প্রতি কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’-এর সক্রিয় সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিদেশী আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গোলাগুলির মাধ্যমে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে তথ্য পাওয়ার কথা জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য র্যাব-৪ আসামিদের অবস্থান শনাক্ত করে ‘ভইরা দে গ্রুপ‘-এর অন্যতম সক্রিয় সদস্য ইমনসহ তিনজন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। কিশোর গ্যাং-এর বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।