Friday 19 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জের পদচ্যুত ইউপি চেয়ারম্যান বাবুল শেখ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ১৮:৩২

গ্রেফতারকৃত আসামি।

সিরাজগঞ্জ: বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) পদচ্যুত চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) ভোররাতে তাড়াশ পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তবে পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে তার চেয়ারম্যান পদ বাতিল হয়। এ ছাড়া তিনি তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পুলিশ জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি জনসভায় হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় বাবুল শেখ এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘২০১৮ সালের ১২ ডিসেম্বর তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনি পথসভায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাবুল শেখকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে একটি পথসভায় অংশ নিতে যান। এ সময় তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা সশস্ত্র অবস্থায় তার গাড়িতে ভাঙচুর চালায় এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে আব্দুল মান্নান তালুকদারকে নিরাপদে সরিয়ে নেন। ওই হামলার ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরে এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজসহ ৯৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও প্রায় ৩০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের বিষয়েও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর