Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৯:৫১

এমএজি ওসমানী বিমানবন্দরে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

সিলেট: জেলার সদ্য বিদায়ি জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তিনি (ডিসি সারওয়ার) আমাদের চোখ খুলে দিয়েছেন।

একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেও সরকার কাজ করবে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুন) বিকেলে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটি বলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক।

৪ দিনের সফরে সিলেট পৌঁছে সাম্প্রতিক মাজার ইস্যু ও জেলা প্রশাসক প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো।’

বিজ্ঞাপন

আরিফুল হক চৌধুরী বলেন, ‘এ ধরনের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবো। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

মন্ত্রী বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পর গতকাল সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা সবাই একমত। মাজার নিয়ে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো। খুব তাড়াতাড়ি মাজারের স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’

জেলা প্রশাসক সারওয়ারের বদলি প্রসঙ্গে তিনি বলেন, ‘বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিষয়। এটা এই ঘটনার (মাজার ইস্যু) সাথে যুক্ত নয়। এটা আগে পরেও হতে পারতো।’

সম্প্রতি কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। নিহতদের পরিবারকেও সব ধরনের সহযোগিতা করা হবে।’

মন্ত্রী আরও জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চিকিৎসা, নিরাপত্তা ও বিশ্রামাগারসহ নানা বিষয়ে উদ্যোগ নিশ্চিত করা হচ্ছে।

এসময় প্রশাসন ও বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের ৩টি ডেগ সিলগালা করেছে জেলা প্রশাসন। একইসাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারে দানবাক্স বসানো হয়েছে। মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব দানবাক্স স্থাপন করা হয়।

এ ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিসি সারওয়ার আলমের এমন সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে সাধারণ মানুষ। তবে মাজার সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।

এরই মধ্যে আকস্মিক রোববার জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার এই হঠাৎ প্রত্যাহার সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ জানিয়ে রোববার ও সোমবার সিলেটে বিক্ষোভ করে সাধারণ মানুষ, যা এখনো চলমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর