Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৮ জন মাদকসেবী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৬ ১৯:৩২

আটক হওয়া ব্যক্তিরা।

সিরাজগঞ্জ: মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে পৌর শহরের রেলওয়ে কলোনী এলাকা থেকে আটজন মাদকসেবীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৭ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতা ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক নির্মূলের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় মাদকমুক্ত সিরাজগঞ্জ গড়ার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অভিযানের সময় কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় বি‌এন‌পির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার রেলওয়ে কলোনী এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে আটক হওয়া আটজনকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসেবনের অভিযোগে আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সিরাজগঞ্জের শত্রু, দেশের শত্রু। মাদকের বিরুদ্ধে আমি মাঠে নেমেছি। সিরাজগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর স্থান হবে না।’

তিনি আরও বলেন, ‘মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। তাই সমাজকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এ ছাড়া, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হলে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর