পটুয়াখালী: কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেনের (৪০) ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বেল্লাল হোসেনের বহিষ্কারাদেশৃ পটুয়াখালী জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ অনুমোদন করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও আজকের পত্রিকার কলাপাড়া প্রতিনিধি মো. মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় লোকমানের মোবাইলের দোকানে বসা ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম ও মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রদল নেতাকর্মী তাকে ডেকে দোকান থেকে বের করে। এরপর রাস্তায় ফেলে ওই নেতা-কর্মীরা তাকে বেধড়ক মারধর করে।
এক পর্যায়ে সে দৌড়ে দোকানের ভিতর আশ্রয় নিলে তাকে দ্বিতীয় দফা দোকান থেকে টেনে বের করে মারধর করা হয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন এখন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও আরেক অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমকে বহিষ্কার না করায় মোয়াজ্জেম হোসেনের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।
এদিকে মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবি জানিয়েছেন তারা।