ঢাকা: রাজধানীর কদমতলিতে এক বিএনপি নেতার বাসা থেকে বদর উদ্দিন (২১) নামে এক কর্মচারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে কদমতলির মুরাদপুর এলাকার একটি সাততলা ভবনের সপ্তম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত বদর উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর পূর্বপাড়া গ্রামে। তাঁর বাবার নাম মো. গোলাম মোস্তফা। ভবনটির মালিক রবিউল ইসলাম দিপু, যিনি কদমতলি ওয়ার্ড বিএনপির সভাপতি।
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সপ্তম তলার একটি কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। সে সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল এবং তা অর্ধগলিত হয়ে গিয়েছিল।
পুলিশ জানায়, রবিউল ইসলাম দিপু পেশায় ইন্টারনেট ব্যবসায়ী এবং বদর উদ্দিন তাঁর প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। ওই বাসার সপ্তম তলায় মোট ছয়জন কর্মচারী থাকতেন। ঈদের ছুটিতে অন্যরা বাড়ি চলে গেলেও বদর উদ্দিন ঢাকায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন দিন আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বাসার মালিক রবিউল ইসলাম দিপু জানান, সকালে সাততলায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। একই সঙ্গে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।