Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৫:১১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৬:১৮

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের মুহূর্ত।

ঢাকা: সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত এ অনুরোধ জানান।

বৈঠককালে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা ইস্যু, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। মন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে বলেন, জনশক্তি রফতানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও পর্যটন খাতে সৌদি আরবের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি এসব খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র বা প্রমাণসাপেক্ষে এরইমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া দ্রুততর করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি কঠোর বার্তা দেন যে, পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না।

মন্ত্রী স্পষ্ট করে বলেন, যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি নথিপত্র রয়েছে বা যারা নির্ধারিত শর্ত পূরণ করতে পেরেছে, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। একইসঙ্গে তিনি সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বলেও জানান।

বৈঠক শেষে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এই আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন বলে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর