ঢাকা: এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আন্দোলন হলে সামাল দেওয়ার সক্ষমতা সরকারের নেই। এ কথা চিন্তা করে হলেও সরকারের অভিজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, ‘যারা আপনাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, তাদের সব পরামর্শ শুনবেন না। এ বেষ্টনি থেকে বের হন। বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলের নেতাদের সঙ্গে বসেন—কীভাবে সমাধান করবেন পরামর্শ নেন। ২-৩ দিনের মধ্যে গণভোট সংস্কারের রায় বাস্তবায়ন করেন। তা না-হলে সারাদেশে বিক্ষোভ মিছিল হবে। ঢাকাতে বিক্ষোভ মিছিল হলে হয়তো সামলাতে পারবেন, কিন্তু ৬৪ জেলায় হলে তা সামলাতে পারবেন না ‘
অলি আহমদ আরও বলেন, ‘চাঁদাবাজি করলে আপনার লোকদের জেলে ঢোকান, সাজা দেন। জনগণকে দেখান, আপনি জিয়া সাহেবের ছেলে—বেগম জিয়ার ছেলে। কীভাবে দেশ শাসন করতে হয় আপনি জানেন, না-হলে পরামর্শ নেন।’
এ ছাড়া জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১দলীয় ঐক্য’র শীর্ষ নেতারা।