ঢাকা: রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার একটি বাড়ির ৬ষ্ঠ তলার বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এনামুল হক বিজয়ের বাড়ি বরিশালের কাজীরহাট থানার চুনারচড় গ্রামে। তিনি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিজয়ের ছোট ভাই মো. রুমান হোসেন জানান, তাদের মা রুনু বেগম অন্যের বাসায় কাজ করেন। সকালে তিনি কাজে চলে যান। রুমান নিজেও বাইরে চলে যান। বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাওয়ার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন, ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে বিজয়। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরবর্তীতে ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।
রুমান আরও জানান, বিজয় খুব বদমেজাজি ছিল। কারও কাছে কিছু শেয়ার করত না। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলাও যেত না তাকে। তবে এই ঘটনা কেন ঘটিয়েছে, সেটি কারও জানা নেই।
এদিকে, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দরজা খোলা পাওয়া যায়। মরদেহটি ফ্যানের সাথে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়েছেন বিজয়। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।