Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৩:১০

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল

ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে শুক্রবার সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আয়োজিত ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে অংশ নিতে শিয়া সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে জড়ো হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় হোসেনি দালান থেকে আনুষ্ঠানিকভাবে এই তাজিয়া মিছিল শুরু হয়।

আয়োজকদের তথ্যমতে, মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে লালবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি হয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছাবে।

শোক, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও এই ঐতিহ্যবাহী কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। মিছিল ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান প্রাঙ্গণ সাজানো হয়েছে কালো পতাকা, শোকবার্তা ও বিভিন্ন ধর্মীয় প্রতীক দিয়ে। সেখানে আগতদের অনেককে গভীর মনোযোগের সাথে দোয়া-মোনাজাত ও নফল ইবাদতে অংশ নিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

মুসলিম বিশ্বের ইতিহাসে পবিত্র আশুরা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং তার সঙ্গীরা। সেই আত্মত্যাগের মহান স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলের আয়োজন করা হয়।

এদিকে আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিছিলের রুট বিবেচনা করে কয়েকটি সড়কে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় কর্মসূচি পালনের জন্য সর্বসাধারণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।