Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কাশিমপুর কারাগার থেকে দেয়াল টপকে পালাল নারী বন্দি, বরখাস্ত ৭

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৬:০৯

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার।

ঢাকা: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের এক নারী বন্দি দেয়াল টপকে পালিয়েছেন। এ ঘটনায় সাতজনকে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। এদের মধ্যে তিনজন মেট্রন ও চারজন মহিলা কারারক্ষী।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে সাতজনকে বরখাস্ত করা হয়েছে।’

বরখাস্তকৃতরা হলেন মেট্রন সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

বিজ্ঞাপন

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে, তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) রাতে কোনাবাড়ী মডেল থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা করে।

সারাবাংলা/ইউজে/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর