রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ি চৌরাস্তায় রিকশা চালক বিল্লাল হোসেন (৩২) রাত ৯টার দিকে জাকারিয়া হোসেন (২৪) নামে দুজন আহত হন।
আহত জাকারিয়ার স্ত্রী সুমাইয়া খাতুন জানান, তারা থাকেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায়। জাকারিয়া গ্রাফিক্স ডিজাইনার। পাসপোর্ট অফিসের পাশে তার দোকান রয়েছে। সদরঘাট এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন তারা দুজন। রাতে সেখান থেকেই সাইনবোর্ড এলাকার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে রিকশায় ওঠার সময় পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জাকারিয়ার থুতনির নিচে গুরুতর জখম হয়।
আহত বিল্লালের মামাতো ভাই বাচ্চু চাকলাদার জানান, বিল্লালের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। বর্তমানে ডেমরা কোনাপাড়ায় থাকেন। নিজের অটোরিকশা চালান তিনি। সন্ধ্যায় যাত্রাবাড়ী চৌরাস্তা সামাদ সুপার মার্কেটের সামনে রিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তখন তার পাশেই ২-৩টি বিকট আওয়াজ হয়৷ ধোয়ায় অন্ধকার হয়ে যায় চারপাশ। পরে তিনি দেখেন তার নিজের ডান হাতের কবজি থেকে রক্ত ঝরছে। পরে স্থানীয় তাকে সেখান থেকে সরিয়ে নেয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, যাত্রাবাড়ি থেকে ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে আহত রিকশাচালক বিল্লালের ডান হাতের কবজিতে ও জাকারিয়ার থুতনিতে স্প্লিন্টার বিদ্ধ হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনই চলে গেছে।