Sunday 20 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ৪ সদস্য গ্রেফতার


২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৭

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জন গ্রেফতার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় মূল অপরাধীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

এছাড়া, চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

গ্রেফতার আসামিরা হলেন— বংশালের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)।

বিজ্ঞাপন

মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় যাত্রাবাড়ী থানার সামনে পাকা সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন সাধারণ পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।’

তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় গত ১৯ সেপ্টেম্বর বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান উদ্দিনকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল। পরে গ্রেফতার রায়হান উদ্দিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যমতে ২০ সেপ্টেম্বর রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পার্কিংয়ের মাঝের একটি পিলারের পাশে ইটের সুড়কির বস্তার মধ্য থেকে লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ডেমরা থানাধীন ডগাইর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার রায়হান উদ্দিন এর আগেও মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হন। গ্রেফতারকৃতরা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে ডিবি ও থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর