রাজধানীর ধানমন্ডির একটি লেক থেকে জাভেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মৃত জাভেদ আহমেদের স্থায়ী বাড়ি বনানীর ১৩ নম্বর রোডে। বর্তমানে বসুন্ধরা আবাসিকের আই ব্লকের ১ নম্বর রোডে থাকতেন তিনি। তার বাবার নাম সালাউদ্দিন আহমেদ।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানান, মৃত জাভেদের স্ত্রী শাহানা জাবিন খানের ভাষ্যমতে গত পরশু বিকেলে ধানমন্ডি যাওয়ার কথা বলে বসুন্ধরার বাসা থেকে বের হন জাভেদ। এরপর আর বাসায় ফেরেননি। পরিবার থেকে ভাটারা থানায় নিখোঁজের ডায়রি করা হয়। আজ সকালে ধানমন্ডি ১০ নম্বর রোডে লেকের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওসি তদন্ত আরও বলেন, ‘মৃত জাভেদ আহমেদ একটি কোম্পানির মার্কেটিংয়ে চাকরি করতেন। তবে গত ৬ মাস ধরে তার চাকরি নেই। এর মধ্যে তিনি ঋণগ্রস্ত হয়ে পরেন এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে এসব বিষয় নিয়ে ধানমন্ডির লেকের পানিতে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’