ঢাকা: বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) ইমেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। পরে এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ বলেন, আমরা গতকাল মেইলটা পেয়েছি, এরপর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আমরা সকল সহযোগিতা পাচ্ছি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে ওই ইমেইল বার্তায় বলা হয়, আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। মঙ্গলবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।
এবিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন বলেন, ‘এ ঘটনায় রোববার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বর্তমানে সেটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম তদন্ত করছে।’
ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।’