ঢাকা: রাজধানীর পল্লবীতে পলাতক শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রুপের সদস্য মো. সাব্বির হোসেন ওরফে শুটার সাব্বিরকে (২৭) সন্ত্রাসী কার্যক্রম ও আধিপত্য বিস্তারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পল্লবীর সেকশন-১১ এলাকার এভিনিউ-৫ এর লাইন-২২ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনের রাস্তা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে সাব্বিরকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ডিসি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। তবে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় কোনো আলামত পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার ও পলাতক ব্যক্তিরা পলাতক শীর্ষ সন্ত্রাসী ‘মামুন গ্রুপ’-এর সদস্য। গ্রেফতার সাব্বিরের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার আরিচা এলাকায়। বর্তমানে তিনি পল্লবীর সেকশন-১১-এর পলাশনগর আবাসিক এলাকায় বসবাস করতেন।
হাসান মোহাম্মদ নাছের বলেন, গ্রেফতার ব্যক্তিকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক অপর দুজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সাব্বিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।