চট্টগ্রাম: চট্টগ্রামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানির ঘটনায় বিবি মরিয়ম বেগম নামে এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ মে) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর ম্যাজিস্ট্রেট এস. এম. আলাউদ্দীন মাহমুদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত বিবি মরিয়ম নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি আলাউদ্দিনের স্ত্রী এবং ডাকাত ফয়সালের মা। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শেখ সোহেল মাহমুদ সোহেল।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আকবরশাহ থানায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন বিবি মরিয়ম। অভিযোগে তিনি দাবি করেন, মোক্তার হোসেন তার দুই ছেলে ফয়সাল উদ্দীন ও ফাহাদ উদ্দীনকে মারধর করেন এবং তাদের পরিবারকে হুমকি দেন।
আদালতের নির্দেশে তৎকালীন তদন্ত কর্মকর্তা এম. সাকের আহমেদ ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেন। এতে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণিত হয়।
পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং নির্দোষ ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করায় আদালত দণ্ডবিধির ২১১ ধারায় মামলাটি আমলে নেন। পাঁচজন সাক্ষীর জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।