Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ১৪:০৮

নিহত পঙ্কজ শীল

চট্টগ্রাম: জেলার পটিয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক চক্রবর্তী (৩৫) নামে আরও এক যুবক।

মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জলুয়ার দিঘির পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পঙ্কজ শীল চক্রশালা গ্রামের মিলন শীলের ছেলে। আহত তিলক চক্রবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পঙ্কজ শীল ও তিলক চক্রবর্তী স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে চক্রশালা এলাকায় পৌঁছালে ছিনতাইয়ের শিকার হন পংকজ ও তিলক। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বোরকা পরিহিত সন্দেহভাজন এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবিদুর ইসলাম (৩৫) পুলিশকে জানিয়েছেন, ছিনতাইকারী দলের সঙ্গে একজন নারীও ছিলেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর