ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে দু্র্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে রাকিব (২৭) নামে এক শিক্ষার্থীকে হত্যা করেছে। তিনি ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৫মার্চ) রাত সোয়া ৯টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
রনি শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাসা পুরান ঢাকার নিমতলিতে। বাবার নাম তরিকুল ইসলাম খোকন।
তাকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান বলেন, ‘রাতে আমরা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি, ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।’
রাকিবের বন্ধু রনি জানান, রাতে রাকিবসহ কয়েকজন মেয়ে বন্ধু শহিদ মিনারে পাশে চায়ের দোকানে চা পান করছিল। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে শহিদ মিনারের উপরে গিয়ে দেখা যায়, রাকিব রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলি লেগেছে। এ ছাড়া, শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। পরে লোকজন দৌড়ে একজনতে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।
শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির জানান, শহিদ মিনারে রাকিব নামে এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটেছে। ঘটনার পর পরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে।
তিনি আরও জানান, আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কার হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মাথায় একটি গুলি ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।