ঢাকা: মোহাম্মদপুর থানা থেকে পুলিশের তিন উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে তাদের ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) সদর দফতরের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমীর খসরুর সই করা এক আদেশে এই বদলির কথা জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।
আদেশে বলা হয়, তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় কর্মরত ওই তিন সদস্যকে প্রশাসনিক কারণে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি সূত্র জানিয়েছে, ওই তিন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেন করেন- এমন অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।