Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবঘুরেকে মারধরে বাধা দেওয়ায় যুবককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ২২:৫১

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।

ঢাকা: ভবঘুরে এক পাগলকে মারধরে বাধা দেওয়ায় রাজধানীর গেন্ডারিয়ায় ছুড়িকাঘাতে আব্দুল মান্নান (৩০) নামের এক যুবক নিহতের ঘটনায় প্রধান আসামিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সোমবার (৮ জুন) বিকেলে র‌্যাব-১০ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী।

তিনি বলেন, গত ঈদ-উল-আজহার প্রায় এক সপ্তাহ পূর্বে ভিকটিম আব্দুল মান্নান তার বন্ধু এবং হত্যা মামলার প্রধান আসামি রাজন দেওয়ান সুমন ওরফে বাঘার (২৭) সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা কাটাকাটি হয়। এরই প্রেক্ষিতে গতকাল রোববার দুপুর ১টার দিকে ভিকটিম আব্দুল মান্নান দুপুরের খাবারের উদ্দেশ্যে মীর হাজিরবাগ মেসে যাওয়ার পথে আসামি রাজন দেওয়ান সুমনসহ অপরাপর আসামিদের একজন পাগলকে মারধর করতে দেখলে ভিকটিম আব্দুল মান্নান তাদেরকে নিষেধ করেন।

বিজ্ঞাপন

সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, সে সময় আসামিরা ভিকটিম আব্দুল মান্নান এর সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু করে। একপর্যায় আসামি রাজন দেওয়ান সুমন পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম আব্দুল মান্নান’কে হত্যার উদ্দেশ্যে বাম পা বরাবর নিতম্বের নিচে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ বরাবর অভিযানপত্র পাঠায়। এরই ধারাবাহিকতায় রোববার (৭ জুন) দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি রাজন দেওয়ান সুমন ওরফে বাঘাকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। র‌্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

সারাবাংলা/এমএইচ/এসএস