Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরায় ওয়াকিটকি হাতে ঘোরাফেরা করা যুবলীগকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৯

ওয়াকিটকি হাতে ঘোরাফেরা করা ইকবাল খন্দকার আটক।

ঢাকা: রাজধানীর উত্তরায় সন্দেহজনকভাবে ওয়াকিটকি হাতে ঘোরাফেরার সময় ইকবাল খন্দকার (৪২) নামের নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। তবে তাকে আটকের পর সে একাধিক মামলার আসামি বলে জানতে পারে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দিন-রাজলক্ষ্মীর মাঝামাঝি প্রিমিয়াম ব্যাংকের গলিতে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বলেন, উত্তরা পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) জিল্লুর রহমান দায়িত্ব পালনের সময় ইকবাল খন্দকারকে ওয়াকিটকি হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের শুরুতে ইকবাল অসংলগ্ন তথ্য দেন। একপর্যায়ে তিনি নিজের নাম-ঠিকানা জানান। তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার কলাবাগান এলাকায়।

বিজ্ঞাপন

ওসি বলেন, ইকবাল নিজেকে নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাবা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বলে তিনি পুলিশকে জানিয়েছেন। ইকবাল খন্দকার নিজ এলাকায় অপরাধে জড়িত থাকার অভিযোগে ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন। আটক ইকবাল খন্দকারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, পুলিশের সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও পানছড়ি থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৫, ৩৮৫, ৪২৭, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৫০৬ ও ৩৪সহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে পানছড়ি থানার একটি মামলায় ২০২৫ সালের ৩০ নভেম্বর ৩৩ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর