ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বলেন, গুলিস্তান এলাকায় জাসদের ব্যানারে ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
জানা যায়, গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পেছনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়। সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এসময় আবু জাফর সুর্য্য সেখানে উপস্থিত ছিলেন। বাইরে থেকে স্থানীয় লোকজন তাদের প্রথমে বাঁধা দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে। পরবর্তীতে পুলিশ খবর পেয়ে অভিযান চালায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সুর্য্যসহ শতাধিক নেতাকর্মীকে পুলিশভ্যানে তুলে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করা হয়।
পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।
বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।
বিকাল ৪টার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকে সহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’