জবি: পরিবেশ ও জলবায়ু সংকটের বার্তা নিয়ে এক মিনিটে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Stone’ সর্বোচ্চ ৬টি পুরস্কার জিতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী রওনাকুর সালেহীন।
৮ জুন (সোমবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’ সর্বোচ্চ পুরস্কার জিতে নেন তিনি।
বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ নির্মাতারা অংশ নেন। সেখানেই নির্মাণশৈলী, সৃজনশীল উপস্থাপন ও পরিবেশ সচেতনতার শক্তিশালী বার্তার কারণে বিশেষভাবে নজর কাড়ে ‘Story of a Stone’।
উৎসবের ফলাফলে চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, জুরি অ্যাওয়ার্ড এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করে। একইসঙ্গে নির্মাতা রওনাকুর সালেহীন সেরা পরিচালক ও সেরা শিল্প নির্দেশক হিসেবে স্বীকৃতি লাভ করেন। এছাড়া চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ সেরা সংগীত পরিচালকের পুরস্কার অর্জন করেন।
সব মিলিয়ে একক চলচ্চিত্র হিসেবে ছয়টি বিভাগে পুরস্কার জিতে উৎসবের সবচেয়ে সফল কাজগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় ‘Story of a Stone’।
মাত্র ৬০ সেকেন্ডের এ চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের দায়বদ্ধতার গল্প তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ ধ্বংসের আশঙ্কা এবং প্রকৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তাকে সংক্ষিপ্ত অথচ অর্থবহ উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এতে।
তরুণদের পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ উৎসব ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্র একটি কার্যকর ও শক্তিশালী মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পুরস্কারপ্রাপ্তি নিয়ে রওনাকুর সালেহীন বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ‘Story of a Stone’-এর মাধ্যমে এমন একটি বার্তা তুলে ধরার চেষ্টা করেছি, যা মানুষকে প্রকৃতি সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কাজ করতে অনুপ্রাণিত করবে।”