টাঙ্গাইল: টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে মোট ১ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।
এ বিষয়ে জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে, মন্ত্রণালয় থেকে বরাদ্দ এলে পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, টাঙ্গাইল সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হকসহ অনেকেই।
উল্লেখ্য, গত সোমবার (৯ মার্চ) ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ক্ষতি হয়। সে সময় জেলা প্রশাসক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।