Thursday 30 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-ভারত ও চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৫:৩৮ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ১৮:১০

– ছবি : সংগৃহীত

বাংলাদেশ, ভারত, চীনসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের সাইটে এ তদন্তের বিস্তারিত জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত চীনএবং ইইউ-এর মতো জোটকেও এই তদন্তের আওতায় রাখা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেয়া হলো।

বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘সেকশন ৩০১-এর অধীনে অন্যায্য বাণিজ্যচর্চা নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, তার ভিত্তিতে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশের ওপর এই গ্রীষ্মের মধ্যেই নতুন শুল্ক আরোপ করা হতে পারে।’

বিজ্ঞাপন

এই তদন্তে কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার প্রমাণ পাওয়া গেলে সেই দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আরোপ করতে পারবে।

গ্রিয়ার বলেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও এর মাধ্যমে নিজেদের সমস্যা আমাদের ওপর চাপিয়ে দিতে পারে-এমন অন্য দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র শিল্পভিত্তিকে উৎসর্গ করবে না।

তিনি বলেন, ফেব্রুয়ারির শেষ দিকে ট্রাম্প যে অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, তা জুলাইয়ে শেষ হওয়ার কথা। এর আগেই এই বাণিজ্য তদন্ত শেষ হতে পারে।

বিবিসি বলছে, তদন্তের আওতায় অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড এবং নরওয়ে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার নাম এই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়নি।